জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নেই আর্থিক সম্বল, তাই অসুস্থ হয়েও হাসপাতাল থেকেও ফিরতে হল জনপ্রিয় অভিনেত্রীকে! হাত বাড়াল পুলিশ

দীর্ঘ কয়েক দশক ধরে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলেও আজ কঠিন আর্থিক সমস্যার মধ্যে দিন কাটছে অভিনেত্রী পাবলা শ্যামলের। বহু জনপ্রিয় ছবিতে সহ-অভিনেত্রীর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েও আর্থিক অভাবের কারণে ফিরতে হয়েছে তাঁকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

জানা গিয়েছে, সম্প্রতি হৃদরোগের সমস্যার কারণে একটি বেসরকারি হাসপাতালে যান শ্যামল। অভিযোগ, চিকিৎসার খরচ জোগাতে না পারায় তাঁকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এমনকি হাসপাতাল থেকে একটি ট্যাক্সিতে তুলে দেওয়া হলেও মাঝরাতে রাস্তাতেই তাঁকে নামিয়ে চলে যান চালক। পরে পথচারীরা অসহায় অবস্থায় তাঁকে দেখে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর পুলিশ অভিনেত্রীকে উদ্ধার করে একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। ঘটনাটি সামনে আসতেই সাহায্যের হাত বাড়ান প্রযোজক এবং ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজু। তিনি নিজের টিমকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শ্যামলের চিকিৎসার ব্যবস্থা করেন। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সাহায্য পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী ও তাঁর মেয়ে।

আশ্রয়কেন্দ্র সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই সেখানে বিনামূল্যে চিকিৎসা চলছিল শ্যামলের। তবে হৃদরোগ বিশেষজ্ঞ না থাকায় বাইরে যেতে হয়েছিল তাঁকে। এর আগেও একাধিকবার আর্থিক সমস্যায় পড়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে অসুস্থতা ও অর্থকষ্টের কারণে মা-মেয়েকে ভাড়া বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছিল বলে জানা যায়।

২০২১ সালেও তাঁর জন্য সাহায্যের আবেদন উঠেছিল সমাজমাধ্যমে। তখন জানা গিয়েছিল, তাঁর মেয়ে যক্ষ্মায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। পরিস্থিতির চাপে নিজের পুরস্কার এবং ট্রফিও বিক্রি করতে হয়েছিল অভিনেত্রীকে। তেলুগু ইন্ডাস্ট্রির একাধিক তারকা অতীতে তাঁর পাশে দাঁড়িয়েছেন। ‘গোলিমার’, ‘বর্ষম’ এবং ‘অন্ধ্রওয়ালা’র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী পাবলা শ্যামল।

Piya Chanda

                 

You cannot copy content of this page